নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। একই সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও পূজারীদের খোঁজখবর নেওয়ায় আনিসুল ইসলাম সানিকেও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাসের নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের হাতে ফুলের তোড়া তুলে দেন। দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
এ সময় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া এবং পূজারীদের পাশে থাকার জন্য আনিসুল ইসলাম সানিকে আন্তরিক ধন্যবাদ জানান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। তাঁর এই উদ্যোগের প্রশংসা করে তাঁকেও ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা।
শুভেচ্ছা বিনিময়কালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।