
দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব দেবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
রোববার (২৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রীর টোকিওর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি।
সফরসূচি অনুযায়ী, ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন। তাঁদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি সই এবং যৌথ বিবৃতি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। দেশটির শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলোচনা করবেন তিনি। সফরসূচিতে চিবা অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্র ও নাগোয়ার টয়োটা কারখানা পরিদর্শনের সম্ভাবনার কথাও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও জাপানের মধ্যে ২০২৩ সালে প্রতিষ্ঠিত কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করাই এ সফরের অন্যতম লক্ষ্য। আলোচনায় বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি রপ্তানির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
সফর শেষে আগামী ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।