আড়াইহাজার প্রতিনিধি: জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আগামীকাল (১ নভেম্বর) বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য জনাব মো. নজরুল ইসলাম আজাদ।
রোববার বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হবে। পরে পবিত্র কুরআন তেলাওয়াত, আলোচনা সভা, সফল আত্মকর্মী ও সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য এবং প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকেল ৩টায় যুব র্যালি, ৩টা ১৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াত, ৩টা ২০ মিনিটে আলোচনা সভা, ৩টা ২৫ মিনিটে সফল আত্মকর্মী ও সংগঠনের বক্তব্য এবং ৩টা ৩০ মিনিটে প্রধান অতিথির মূল্যবান বক্তব্য অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টা ৪০ মিনিটে সভাপতির বক্তব্য এবং ৩টা ৫০ মিনিটে যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকরা জানান, একটি দেশের মূল শক্তি তার যুবসমাজ। যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন তারা।