নারায়ণগঞ্জ সময় ২৪ | নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ থেকে পিলকুনি এলাকা পর্যন্ত দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে খাল ও ড্রেন পরিষ্কার, খনন এবং সংস্কারকাজ শুরু হয়েছে। এ উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, তক্কার মাঠ থেকে পিলকুনি ও আশপাশের বিভিন্ন সড়কে বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতা দেখা দেয়। পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। বিশেষ করে বৃষ্টির সময় সড়ক ও আশপাশের এলাকায় পানি জমে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এ পরিস্থিতি নিরসনে খাল ও ড্রেন পরিষ্কার, খনন এবং প্রয়োজনীয় সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা কমিয়ে আনার লক্ষ্য রয়েছে।
সংশ্লিষ্ট কাজ সম্পন্ন হলে ফতুল্লার শিয়াচর, পিলকুনি, লালপুর ও আশপাশের এলাকার পানি নিষ্কাশন পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
তবে এলাকাবাসীর প্রত্যাশা, এ কার্যক্রম যেন শুধু সাময়িক পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। খাল ও ড্রেনেজ ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিষয়গুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের মতে, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে ফতুল্লার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে অগ্রগতি সম্ভব হবে।