
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘরসহ পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় গোয়ালঘরে থাকা দুটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গরুর প্রাণ বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন বাড়ির মালিক মো. শহিদুল্লাহ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় শহিদুল্লাহর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহত শহিদুল্লাহর ভাই মো. লোকমান হোসেন জানান, আগুন লাগার পর গোয়ালঘরে থাকা গরুগুলোর প্রাণ বাঁচাতে এগিয়ে যান বাড়ির মালিক শহিদুল্লাহ। এ সময় তিনি অগ্নিদগ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জের আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গোয়ালঘরসহ পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গরু আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।