| | 00:00:00
A2
শিরোনাম
অপরাধ

সোনারগাঁয়ে যুবদল নেতা জহিরুল ইসলাম ফকির নিহত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ সময় ২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জহিরুল ইসলাম ফকির (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে চরকিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জহিরুল ইসলাম ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তবে তিনি কয়েক বছর ধরে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। চরকিশোরগঞ্জ এলাকায় তাঁর একটি ফার্মেসি ছিল।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী, ফার্মেসি বন্ধ করে ফেরার পথে জহিরুলের ওপর হামলার ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

এদিকে নিহতের ভাগিনা ইসমাইল হোসেনের দাবি, কালাপাহাড়িয়া এলাকার এক রাজনৈতিক নেতার সঙ্গে জহিরুলের বিরোধ ছিল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর নাম আলোচনায় থাকায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি।

তবে হত্যার প্রকৃত কারণ এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি আব্দুল বারিক জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: নারায়ণগঞ্জ টাইমস

news ad 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *