| | 00:00:00
A2
শিরোনাম
রাজনীতি

রূপগঞ্জে যুবদল নেতা হত্যায় মহানগর জামায়াতের আমিরের উদ্বেগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। এক বিবৃতিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় নিজ বাড়ির সামনে রিপনকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ও পাইস্কা এলাকার মহিবুল্লার ছেলে।

বিবৃতিতে আবদুল জব্বার অভিযোগ করেন, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারা কেন্দ্র করে দলাদলি ও কোন্দলে একটি প্রাণ ঝরে গেল, যা অত্যন্ত উদ্বেগজনক। বিএনপি যেখানে মুখে “সবার আগে বাংলাদেশ”-এর কথা বলছে, সেখানে বাস্তবে নিজেদের ভাগ-বাটোয়ারা ও আধিপত্য বজায় রাখতে গিয়ে নিজেদের সহকর্মীদের জীবন কেড়ে নিচ্ছে।’

তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

news ad 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *