নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ সময় ২৪
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর চাষাঢ়ায় সংগঠনটির নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা। এ সময় তাঁরা শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি তুলে ধরেন।
অন্যদিকে, বিএনপিকে উদ্দেশ করে বক্তব্য দেন সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বিএনপি জুলাই শহীদদের সঙ্গে প্রতিশ্রুতির বরখেলাপ করেছে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির অভিযোগও তোলেন তিনি।
ঝুমা আরও অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে কথা বললেই মানুষকে কারাগারে নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের মতো অপরাধের বিচার নিশ্চিত না হলেও সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তৎপর হয়।
তাঁর এসব বক্তব্য ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা।
২. গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা।
৩. জুলাই, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
সংগঠনটির নেতারা এসব দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ অক্টোবর দেশের সর্বোত্তরের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা, পথসভা ও সমাবেশের আয়োজন করা হচ্ছে।
এসব কর্মসূচির মাধ্যমে তিন দফা দাবির পক্ষে জনমত গড়ে তোলা এবং দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
মন্তব্য করুন