শিল্পের বিকাশে সঠিক নীতি গ্রহণ, উৎপাদনমুখী উদ্যোগ বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরির আহ্বানের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার আলম’স রেস্তোরাঁয় ‘শিল্পের বিকাশ এবং আমাদের ভূমিকা’ প্রতিপাদ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আইবিডব্লিউএফের সভাপতি ও মোল্লা ফাইবারের স্বত্বাধিকারী অধ্যাপক ইলিয়াস মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান ও আইবিডব্লিউএফের সভাপতি মো. শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি নাসির উদ্দিন পিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে মো. শহিদুল ইসলাম বলেন, শিল্পে বিপ্লব ঘটাতে হলে সঠিক নীতি গ্রহণ এবং উৎপাদনমুখী উদ্যোগ বাড়াতে হবে। ব্যবসায়ীদের শিল্প ও উৎপাদন খাতে আরও এগিয়ে আসতে হবে। নতুন উদ্যোক্তাদের পরিকল্পনা করে যেকোনো একটি পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি জানান, আইবিডব্লিউএফ সারা দেশে ৫১টি কর্মসূচির আয়োজন করেছে। সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও আজীবন সদস্য বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি সদস্যদের সুযোগ-সুবিধা, ব্যবসায়িক নীতিমালা এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দান-সদকার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইবিডব্লিউএফের জেনারেল সেক্রেটারি ও বায়ো গ্রুপের চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজিম বলেন, ‘সৎ ব্যবসায়ীরা জান্নাতে যাবেন। আমরা সঠিকভাবে কাজ করলে অবশ্যই দেশকে উন্নত করতে পারব, ইনশাআল্লাহ।’
সংগঠনের ঢাকা দক্ষিণ অঞ্চলের সেক্রেটারি গোলাম সারোয়ার সাইদ বলেন, ব্যবসার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তাঁদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে আইবিডব্লিউএফ। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যবসায়িক সমস্যা সমাধানে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির মূল চালিকাশক্তি। বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসা মানুষের কল্যাণ বয়ে আনে। পবিত্র কোরআনে নামাজের পর জীবিকা অন্বেষণের নির্দেশনা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যবসায়িক জীবনের কথাও তুলে ধরেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক ও ভ্যানগার্ড অ্যাপারেল এশিয়া লিমিটেডের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আল আমিন এক্সপোর্ট লিমিটেডের পরিচালক জাকারিয়া ওয়াহিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম সাইজিং অ্যান্ড টেক্সটাইল মিলসের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম, আইবিডব্লিউএফের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম রফিকুন নবী এবং সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের বন্দর থানা সভাপতি ও বিসমিল্লাহ ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী রেজাউল করিম রাজা, আড়াইহাজার থানা সভাপতি ও আল হেরা ডাইনিংসের স্বত্বাধিকারী আবু বকর সিদ্দিক, রূপগঞ্জ থানা সহকারী সেক্রেটারি ও শততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল্লাহ, ফতুল্লা থানা সভাপতি ফজলুল হক মানিক এবং সোনারগাঁ থানা সভাপতি ও ফাতেমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইব্রাহিম হোসেন।
নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন আড়াইহাজারের টেক্সটাইল ব্যবসায়ী জাকির হোসেন, সোনারগাঁয়ের আতিকুল ইসলাম, বন্দরের ওমর ফারুক, ফতুল্লার আজিজ উদ্দিন বাবুল, রূপগঞ্জের রুহুল আমিন এবং মাওলা টেক্সটাইলের স্বত্বাধিকারী গোলাম হায়দার কবির।
গোলাম হায়দার কবির বলেন, একসময় বাংলাদেশের পাট ব্যবসা সমৃদ্ধ ছিল। রাজনৈতিক ও অর্থনৈতিক নানা কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীরা পারস্পরিক সহযোগিতা ও নিজেদের মধ্যে ব্যবসায়িক সংযোগ গড়ে তুলতে পারলে আইবিডব্লিউএফের কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে সফল ব্যবসায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।





