

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। নির্ধারিত সময়ের মধ্যে এসব কারখানা বন্ধ না হলে ক্ষুব্ধ জনগণের প্রতিক্রিয়া সামলানো কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মান্নান বলেন, সোনারগাঁয়ে বর্তমানে ব্যাপক হারে অবৈধ চুনাকারখানা বৃদ্ধি পেয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ চাইলে সহজেই এসব কারখানা বন্ধ করতে পারে। কিন্তু একাধিকবার অভিযান চালানোর পরও কারখানাগুলো বন্ধ হচ্ছে না। এসব অবৈধ কার্যক্রমের কারণে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সদিচ্ছা থাকলে এই অবৈধ কারখানাগুলো চলতে পারত না। জনগণ প্রতিনিয়ত আমাদের কাছে এসে অভিযোগ করছে। যদি আগামী ১৫ দিনের মধ্যে এসব অবৈধ চুনাকারখানা বন্ধ করতে না পারেন, তবে ক্ষুব্ধ জনগণ আপনাদের পিঠের চামড়া রাখবে না। তাই দ্রুত প্রশাসনকে সঙ্গে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।”
সভায় হাইওয়ে পুলিশের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। কাঁচপুর হাইওয়ে পুলিশের বেওয়ারিশ মরদেহ দাফনের বিষয়ে এমপি মান্নান বলেন, এ কাজে কোনো অসুবিধা হলে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার কবরস্থানে মরদেহ দাফন করা যেতে পারে। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার কথাও জানান।
সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, থানা পুলিশ যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে। তবে তালতলা পুলিশ ফাঁড়ি, জামপুর ও সাদিপুর এলাকায় অপরাধের পরিমাণ কিছুটা বেড়েছে। এসব এলাকায় বিশেষ নজর দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁ সার্কেলের মামুন সরকার, কাঁচপুর সার্কেলের কে. এম. রাফসান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল ভূঁইয়া এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ হাইওয়ে ও নৌ পুলিশের সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন