
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক খবরের পাতার সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি এবং নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।
প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং সত্য ও জনগণের পক্ষে সাংবাদিকদের কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব বজায় রাখা প্রয়োজন। সংবাদকর্মীদের কল্যাণ, অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক হিসেবে দায়িত্ব পালন করেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সাংবাদিকদের পেশাগত অধিকার, ঐক্য ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি এস এম ইকবাল রুমী। সার্বিক তত্ত্বাবধান ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
আলোচনা সভা ও অভিষেক পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন