

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১৪০ জনের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৮৮ জন মাদকসেবী, ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জন নিয়মিত মামলার আসামি, একজন চোর, অন্যান্য ধারায় চারজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। ফতুল্লা মডেল থানা পুলিশ ৬৬ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ৬৩ ক্যান বিয়ার উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০ পিস ইয়াবাসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। বন্দর থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া সোনারগাঁও থানা পুলিশ ১৩ জন, রূপগঞ্জ থানা পুলিশ ১৩ জন এবং আড়াইহাজার থানা পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন