

নারায়ণগঞ্জ শহরে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আক্তার নূরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের খানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম।
তিনি জানান, আক্তার নূরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা যায়, আক্তার নূরের বিরুদ্ধে নারায়ণগঞ্জ শহরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়ও তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে।
আক্তার নূর নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। আজমেরী ওসমানের বিরুদ্ধেও মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলায় অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজমেরী ওসমানসহ তার ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই আত্মগোপনে চলে যান। এরই ধারাবাহিকতায় এবার খানপুর এলাকা থেকে আক্তার নূরকে আটক করল ডিবি পুলিশ।
মন্তব্য করুন