
দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
তিনি বলেছেন, যুবসমাজকে যুগোপযোগী করে গড়ে তুলতে প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ ক্ষেত্রে তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রোববার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, দেশের উন্নয়ন ও দেশ গঠনের দায়িত্ব কেবল যুবসমাজের নয়; সমাজের সব শ্রেণি-পেশার মানুষকেই এগিয়ে আসতে হবে। একটি সমৃদ্ধ দেশ গড়তে কর্মমুখী শিক্ষা ও আত্মনির্ভরশীল জনশক্তি তৈরিতে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে যুবকদের প্রযুক্তিগত জ্ঞান এবং ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যুব র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, দেশে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। একজন মানুষ যথাযথ দক্ষতা অর্জন করতে পারলে যেকোনো ক্ষেত্রে সফলতা অর্জনের সুযোগ তৈরি হয়।
তিনি আরও বলেন, বেকার ও কর্মহীন যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম প্রধান কাজ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল বাসারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, যুব প্রশিক্ষণকেন্দ্রের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন