

শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী ও সুশাসনভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শরিয়ার পক্ষে অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতায় এলেও দেশের মানুষকে কাঙ্ক্ষিত শান্তি ও সমৃদ্ধি উপহার দিতে পারেনি। বরং নারায়ণগঞ্জে চাঁদাবাজি, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত দাওয়াতি মাসের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আরিফুল ইসলাম বলেন, হজরত পীর সাহেব চরমোনাই ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচির আওতায় জাতি-ধর্ম নির্বিশেষে সবার কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে নারায়ণগঞ্জে এ সভার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, “ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হোন।”
দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে অনেক রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি ও স্বপ্ন দেখিয়েছে। কিন্তু মানুষের জন্য শান্তিময় ও সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শরিয়ার পক্ষে আসতে হবে।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সহসভাপতি মাসুম বিল্লাহ বলেন, নভেম্বর মাসজুড়ে মহানগরের বিভিন্ন এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে অনেকে সংগঠনের সদস্য হয়েছেন। তিনি নতুন সদস্যদের অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, সমাজকে সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত করে শান্তি প্রতিষ্ঠা এবং সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে ইসলামী শাসনব্যবস্থার বিকল্প নেই। নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা এবং নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে ইসলামী শরিয়ার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহসভাপতি সফিকুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ সুলতান মুহাম্মদ, যুগ্ম সম্পাদক আলহাজ আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল এবং সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ বিলাল খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
মন্তব্য করুন