নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ হাজার ১২২ পিস ইয়াবা, ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা এবং ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) জেলা পুলিশের পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ২৮ জন মাদকসেবী, ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জন ছিনতাইকারী, নিয়মিত মামলার ৬ জন আসামি, অন্যান্য মামলার ৬ জন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য রয়েছেন।
থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে দেখা যায়, নারায়ণগঞ্জ সদর থানায় ৬ জন, ফতুল্লা মডেল থানায় ৭ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৯ জন, বন্দর থানায় ৮ জন, সোনারগাঁ থানায় ২৫ জন, রূপগঞ্জ থানায় ১২ জন এবং আড়াইহাজার থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ৮০ লিটার চোলাই মদ ও ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বন্দর থানা এলাকা থেকে ২ হাজার ৫০ পিস এবং সোনারগাঁ থানা এলাকা থেকে ৭২ পিস ইয়াবাসহ আরও পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোনারগাঁ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন মাদকসেবী ও তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, রূপগঞ্জ থানা এলাকায় গ্রেপ্তার করা হয়েছে ছয়জন ছিনতাইকারীকে। জেলার অন্যান্য থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলার আসামিদেরও গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





